উৎসবমুখর পরিবেশে ভোট ও ক্ষমতা হস্তান্তর নিয়ে বক্তব্য দিচ্ছেন ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস ধর্ম উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বর্তমান সরকার দায়িত্ব থেকে বিদায় নেবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি আয়োজিত আদালতের অবকাঠামো উন্নয়নকাজের শুভ উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম ভিত্তি। দেশে আইনের শাসন না থাকলে মব জাস্টিসের মতো সংস্কৃতি গড়ে ওঠে। জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানান তিনি।

তিনি বলেন, বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে আনতে সরকার কাজ করছে এবং আদালতের অবকাঠামো উন্নয়ন সেই প্রচেষ্টারই অংশ। সাতকানিয়ার শতবর্ষী আদালত ভবনকে আধুনিক বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রকৌশলী ও স্থপতিদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

১২ ফেব্রুয়ারিকে ঐতিহাসিক উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সবাইকে ভালো প্রত্যাশা করার পাশাপাশি সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিক।

অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে মেশিন সংযোজন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।