দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার স্পষ্ট বার্তা
নিজস্ব প্রতিবেদক
ভারতে অবস্থান করে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়ার বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না—এমন বার্তা আবারও দিল্লিকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সম্প্রতি বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের তৎপরতা বাংলাদেশ–ভারত সম্পর্কের জন্য ইতিবাচক নয়।
সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি ও টানাপোড়েন থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশ–ভারত সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা সংযম ও কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখেই কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে জড়িতদের গ্রেপ্তার করেছে। তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশ যেমন প্রকাশ্যে মন্তব্য করে না, তেমনি বাংলাদেশ প্রসঙ্গেও ভারতের একই নীতি অনুসরণ করা উচিত।