ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের অধীনে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার
  • জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে ‘যমুনা’ সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক


ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)- কে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব এ প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। একই সাথে এ ধরনের তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার ব্যাপারেও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে, একই দিন দুপুরে ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতারা ও নিহতের পরিবার।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যরা অংশ নেন। তারা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



আরও দেখুন:-

charmonai-pir-comment-on-jamaat-islamic-party.jpgজামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর