Report on government employees salary increase to be submitted to the Chief Adviser

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রস্তাব। সুপারিশ প্রতিবেদন জমার প্রক্রিয়া। প্রধান উপদেষ্টার ভূমিকা। চাকরিজীবীদের প্রত্যাশা।পরবর্তী সিদ্ধান্তের সম্ভাবনা।

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে সুপারিশকৃত প্রতিবেদন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান এবং অন্যান্য সদস্যরা বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন হস্তান্তর করবেন। এ সময় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

২০১৫ সালের বেতন কাঠামোর ভিত্তিতে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। গত দশকে নতুন পে-স্কেল না হওয়ায় সরকারি কর্মীরা বিভিন্ন সময় বেতন বৃদ্ধির দাবি জানান। সেই দাবি বাস্তবায়নে গত বছরের জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,“পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন।” তিনি আরও বলেন, নতুন বেতন প্রবর্তন নির্বাচিত সরকারের ওপর কোনো চাপ তৈরি করবে না।

পে কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে এবং এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে। তবে পরবর্তী সরকার কতটা বাস্তবায়ন করবে, সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।