কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কেন্দ্র দখল ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি, অনিয়মে জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক


এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কেন্দ্র দখল ও অনিয়ম রোধে এবার ব্যাপক প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, পুলিশকে দেওয়া হচ্ছে ২৫ হাজার ৭০০টি বডিওর্ন ক্যামেরা এবং ব্যবহার করা হবে ড্রোন। এরপরও কেউ অনিয়মের চেষ্টা করলে তার ছবি ও প্রমাণ থেকে যাবে এবং সময় লাগলেও তাকে আইনের আওতায় আনা হবে।


shab-e-barat-observed-today-bangladesh.jpgআজ সারাদেশে পালিত হবে লাইলাতুন নিছ্ফে মিন শাবান (শবে বরাত)

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রস্তুতি সভা করা হয়েছে। তাদের প্রস্তুতি সন্তোষজনক এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তারা সক্ষম—এমন বিশ্বাস সরকারের রয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে সাংবাদিকদের পোলিং সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি।

ঝিনাইগাতির সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

নির্বাচনের ফলাফল ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফলাফল প্রস্তুত হলেই তা ঘোষণা করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকায় ভোটের ফলাফল খুব দ্রুতই সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যায়।

এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন:-

এপস্টেইনের ফাইল প্রকাশ নিয়ে মার্কিন রাজনীতিতে অস্বস্তি ও বিতর্কএপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?