কৃষি কার্ড বিতরণের পাশাপাশি অপরাধ দমনে কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে জুয়া, মাদক ও মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অভিযানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করা হবে।
মন্ত্রী বলেন, ভোটের কালি শুকানোর আগেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। কৃষকদের দেশের অর্থনীতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি বলেন, কৃষি কার্ড তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানবপাচার বিষয়ে তিনি উল্লেখ করেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ সংঘটিত হয় এমন পয়েন্টগুলো চিহ্নিত করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অনলাইন জুয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিডিও ও অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক। এসব অবৈধ কার্যক্রম বন্ধে সরকার ইতোমধ্যে গবেষণা শুরু করেছে, যাতে বাস্তবসম্মত সমাধান বের করা যায়।
এদিকে, কৃষকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তারা কৃষি কার্ড পেয়েছেন। এই কার্ডের মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন। কৃষি কার্ডে প্রাপ্ত ২,৫০০ টাকা দিয়ে তারা বীজ ও সার কিনতে পারবেন, যা কৃষিকাজে বড় সহায়তা করবে। কার্ড পেয়ে তারা আনন্দিত ও সন্তুষ্ট।
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, সেন্টমার্টিনে হোটেল ও পর্যটন ব্যবসা ছাড়া আর কোনো উৎপাদন নাই। কিন্তু সেখানে বর্তমানে পর্যটকেরা যেতে পারে না। বছরে দুই মাস পর্যটক যায় স্থানীয়রা বাকি দশ মাস করবে কি? সীমিত আকারে হলেও পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত করে দিতে হবে।
অনুষ্ঠানে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের লুৎফুর রহমান কাজল, মহেশখালী-২ আসনের আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
