world war

ফেব্রুয়ারি থেকে শতাধিক হামলার দাবি; প্রতিরোধে সৌদি আরবের কঠোর অবস্থান, তেলের বাজারে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৩ মার্চ) চালানো এই হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও অন্যটি একটি জনবসতিহীন এলাকায় আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলার জবাব দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান সৌদি আরবের দিকে অন্তত ৪৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৬০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে। এতে করে পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

গত ৮ মার্চ আল-খার্জ এলাকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ইরান দাবি করছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে।

অন্যদিকে, সৌদি আরব এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে ইতোমধ্যে রিয়াদ থেকে ইরানি সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করেছে। পাশাপাশি সতর্ক করে দিয়েছে, বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি ইরানের ওপর পাল্টা আঘাত হানবে।

চলমান এই সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে।


ঈদে এনসিপির ব্যতিক্রমী ‘শহীদী মোলাকাত’ কর্মসূচি
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০