নির্বাচন সামনে রেখে খুলনায় জামায়াতের শক্তিশালী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনি সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট এই চার জেলায় পৃথক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার সঙ্গে ১১দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতারাও উপস্থিত থাকবেন।
রোববার (২৫ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে খুলনা মহানগর ও জেলা জামায়াত এ তথ্য জানায়। ব্রিফিংয়ে বলা হয়, মঙ্গলবার সকালে বিমানে যশোর পৌঁছে সকাল সাড়ে ৮টায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এরপর দুপুর ১২টায় সাতক্ষীরার আমতলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে, বেলা ২টায় খুলনার সার্কিট হাউস ময়দানে এবং বিকেল ৫টায় বাগেরহাটে জনসভায় অংশ নেবেন তিনি।
খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান জানান, খুলনার জনসভা সফল করতে ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে। সার্কিট হাউস মাঠে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের মঞ্চ নির্মাণ করা হচ্ছে। জনসভা উপলক্ষে মহানগর ও জেলায় মাইকিং, মিছিল ও ব্যাপক প্রচারণা চালানো হয়েছে এবং দেড় লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি দাবি করেন, খুলনার জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে।
তিনি আরও জানান, জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান অভিযোগ করেন, প্রতিপক্ষের পক্ষ থেকে কালোটাকা ছড়ানো, ভোট কেনার চেষ্টা, সরকারি লোগো ব্যবহার করে কার্ড বিতরণ এবং হুমকি-ধমকির ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি কাজে বাধা দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা-২ আসনের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানসহ জামায়াতের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।