কী ঘটেছে জামালপুরে ?
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মুকুন্দবাড়ি এলাকায় দুই তরুণীর সমকামী বিয়ের সিদ্ধান্ত স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একই বিদ্যালয়ে পড়ার সুবাদে মুকুন্দবাড়ির উজ্জ্বল মাহমুদের মেয়ে দশম শ্রেণির তামান্না আক্তার ও একই এলাকার আলী আজগড়ের মেয়ে নবম শ্রেণির আয়শা আক্তার ঝিলিকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ সময় বন্ধুত্বের পর তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন।
গত ১৫ জানুয়ারি তারা বাড়ি থেকে পালিয়ে গাজীপুরে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করেন। দুই পরিবারের অনুরোধে সোমবার সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে এসে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের লোকজনকে জানিয়েছেন। পরে পরিবারের আশ্বাস পেয়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে সমাজের সচেতন মহল এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিকে মানসিক বিকারগস্ততা এবং সাংস্কৃতিক আগ্রাসনের অংশ হিসেবে দেখছেন। অনেকেই এই ঘটনার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের অবনতি এবং প্রভাবকে দায়ী করেছেন।