যশোরে জামায়াতের নির্বাচনি জনসভায় কানায় কানায় পূর্ণ মাঠ

যশোর বাসীর কল্যাণে বিশেষ প্রকল্পের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে এসে ময়দানে জড়ো হতে থাকেন। সকাল হতেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে। মঞ্চে ধারাবাহিক বক্তব্য চলমান থাকায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অল্প সময়ের মধ্যেই উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল জানান, আমিরের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভায় যশোরের ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হবে। পাশাপাশি জামায়াত ক্ষমতায় গেলে যশোরের বিভিন্ন সমস্যা সমাধানে দলের পরিকল্পনাও তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, যশোর অবিভক্ত প্রথম জেলা হিসেবে বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিনের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, উন্নতমানের হাসপাতাল এবং ৫০০ শয্যার একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিও এই জনসভায় তুলে ধরা হবে।

জনসভাস্থলে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরোওয়ারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।