জাতীয় ঐক্যের মাধ্যমে আধিপত্যবাদী শক্তিকে ঠেকানোর সংকল্প
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রাজপথে লড়াই করতে চাইলে ঘোষণা দিয়েই আসতে হবে। প্রয়োজনে আমরা আবু সাঈদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, কোনো মা-বোনের হিজাব নিয়ে টানাটানি করার দুঃসাহস দেখানো হলে দেশে এমন আগুন জ্বলবে, যা নেভানোর ক্ষমতা কোনো শক্তির থাকবে না। তিনি বলেন, এই ঐক্য কোনো ব্যক্তি, দল বা জোটকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং বাংলার ১৮ কোটি মানুষকে রাষ্ট্রক্ষমতার প্রকৃত অর্থ বোঝানোর জন্যই এই লড়াই।
তিনি আরও বলেন, আধিপত্যবাদী শক্তি আর বাংলার মসনদ দখল করতে পারবে না। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষকে ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে। রাতে পাহারা দিয়ে ও দিনে পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রাকৃতিক সম্পদ প্রসঙ্গে মামুনুল হক বলেন, ইসলামের নীতিমালা অনুযায়ী যে এলাকার সম্পদ, তার অধিকার সেই এলাকার মানুষের। ১১ দলীয় জোট সরকার গঠন করলে রশিদপুর ও বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস আগে নবীগঞ্জ, বাহুবল ও হবিগঞ্জবাসীর চাহিদা পূরণে ব্যবহার করা হবে।
জনসভায় হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, এনসিপির যুগ্ম সদস্যসচিব মো. মশিউর রহমান, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহ জাহান আলীসহ জোটের অন্যান্য নেতারা।