রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
জামায়াতের সঙ্গে নাকি আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে দাড়াতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ও শুখানপুকুরী ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে জামায়াত–যুক্তরাষ্ট্র আঁতাতের যে দাবি করা হয়েছে, তা কতটুকু সত্য—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রয়োজন। তিনি বলেন, এ ধরনের বিষয় দেশের জন্য ভালো নয় এবং এটি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় জনগণের সম্মতি জরুরি। এ কারণেই বিএনপি গণভোটের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে। বিএনপি জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াতের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে, তারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতার পক্ষে থাকা মানুষই দেশ গড়ার দায়িত্ব নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচন হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড চালু, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সহায়তা এবং স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা হবে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এই দেশ সবার। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।