বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার টানানো; ১৭ বছরের ক্ষোভ ঝাড়ার বার্তা, এলাকায় নতুন বিতর্ক
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কয়েক দফায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্থানটিকে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংগঠনটির জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর নেতৃত্বে নগরীর কুমারপাড়ায় রাজশাহী-নাটোর সড়কের পাশে অবস্থিত ওই স্থানে ‘মুজিব পাবলিক টয়লেট’ নামে একটি ব্যানার টানানো হয়।
ব্যানারে লেখা ছিল, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের ওই দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর বিক্ষুব্ধরা সাবেক ছাত্র সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান জিএস আলাউদ্দিন আম্মারের নেতৃত্বে ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে দেয়।
ধ্বংসস্তূপের সামনে গত শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, “সন্ত্রাসীদের আঁতুড়ঘরে আমরা মুজিব পাবলিক টয়লেট তৈরি করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে তারা ওই স্থানে অফিস উদ্বোধনের ঘোষণা দিয়েছে, যা আমাদের উদ্বিগ্ন করেছে।”
