আফগানিস্তানের নাঙ্গাহারে বিমান হামলার পরের দৃশ্য

ইসলামাবাদে ধারাবাহিক আত্মঘাতী হামলার জেরে নাঙ্গাহার ও পাকটিকায় অভিযান; টিটিপি ও আইএস সংশ্লিষ্ট শিবির লক্ষ্যবস্তু দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের নাঙ্গাহার ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ইসলামাবাদে একটি শিয়া মসজিদে সাম্প্রতিক আত্মঘাতী হামলাসহ সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের জেরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, পাকিস্তান নাঙ্গাহার ও পাকটিকায় একটি ধর্মীয় স্কুল এবং আবাসিক বাড়িতে আঘাত হেনেছে। এতে নারী ও শিশুসহ কয়েক ডজন হতাহত হয়েছেন। আফগান সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, নাঙ্গাহারে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনগুলোর সাতটি শিবির লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় ইসলামিক স্টেট গ্রুপের একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

ইসলামাবাদ আরও বলেছে, সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তান-ভিত্তিক নেতৃত্বের নির্দেশে হয়েছে—এমন ‘সিদ্ধান্তমূলক প্রমাণ’ তাদের হাতে রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে কাবুলকে আফগান ভূখণ্ড সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহার ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এক আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর আগেও ইসলামাবাদে খাদিজা তুল কুবরা মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন মুসল্লি নিহত ও ১৭০ জন আহত হন; ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট গ্রুপ।

‘ইনকিলাব জিন্দাবাদ’ এখন অনলাইনে নারী হেনস্থাকারী ও লম্পটদের স্লোগানে পরিণত দাবি আব্দুল মজিদ অন্তরের