নৌকা ও ধানের শীষ নিয়ে মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদকে সমর্থন দিয়েছে। তিনি বলেন,
“এই অঞ্চলে আগে নৌকা ও ধানের শীষের মধ্যেই নির্বাচন হতো। এবার ব্যালটে নৌকা নাই, ধানের শীষ নাই। ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৫টায় গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নূর। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।
সভায় নুরুল হক নূর বলেন, এলাকার সন্তান হিসেবে উন্নয়ন ও মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি প্রার্থী হয়েছেন। তিনি বলেন,
“সারা দেশে নির্বাচন করার সুযোগ থাকলেও আমরা এই জনপদে ছুটে এসেছি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ বিজয় সম্ভব।”
ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন,
“২৮ বছর পর ডাকসু নির্বাচনে মিছিল করার জন্য ৫০ জন পাইনি, কিন্তু ভোট দেওয়ার জন্য ১১ হাজার শিক্ষার্থী পেয়েছিলাম। ঠিক সেভাবেই ১২ তারিখ ট্রাক মার্কাকে বিজয়ী করে আপনারা ইতিহাস সৃষ্টি করবেন।”
তিনি আরও বলেন, জনগণের সন্তান, ভাই ও সহযোদ্ধা হিসেবে তিনি ভোটারদের সমর্থন চান এবং এই আসনে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপির সমর্থন নুরুল হক নূরের পক্ষে থাকলেও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
এ কারণে তাকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয় এবং উপজেলা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে। তবে উপজেলা বিএনপির একটি অংশ এখনও তার পক্ষে কাজ করছে।