সংবিধানের অনুচ্ছেদ ৪৬ অনুযায়ী গণঅভ্যুত্থানকারীদের সুরক্ষা বিধান
নিজস্ব প্রতিবেদক
সরকার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।
গত রোববার (২৫ জানুয়ারি) রাতে গেজেটে প্রকাশিত ওই অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসকের পতনের লক্ষ্যে একটি সর্বাত্মক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে, যা পরবর্তীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্বীকৃতি পায়। ওই সময় ফ্যাসিবাদী সরকারের নির্বিচার হত্যাকাণ্ড ও সশস্ত্র আক্রমণ প্রতিরোধের পাশাপাশি জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করতে আত্মরক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অনিবার্য হয়ে ওঠে।
অধ্যাদেশে আরও উল্লেখ আছে, প্রতিরোধমূলক এই কর্মসূচিতে অংশ নেওয়া গণঅভ্যুত্থানকারীদের সংবিধানের অনুচ্ছেদ ৪৬ অনুযায়ী আইনি সুরক্ষা দেওয়া প্রয়োজন। তাই এই প্রেক্ষাপটে অধ্যাদেশটি জারি করা হয়েছে।
এর আগে, গত ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল।