পটুয়াখালী-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী ডা. জহির

পটুয়াখালী-৪ আসনে প্রার্থী ঘোষণা

জামায়াত জোটের কৌশল

ডা. জহিরের রাজনৈতিক পরিচয়

স্থানীয় রাজনীতিতে প্রভাব

প্রতিদ্বন্দ্বী দলের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হয়েছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ। তিনি খেলাফত মজলিশের মনোনয়নে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

১০ দলীয় জোট সূত্র জানায়, এ আসনে প্রথমে ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় ডা. জহির উদ্দিন আহমেদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। পারিবারিক ঐতিহ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে সুনাম এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানানো হয়।

ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, “আমাকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে, আমি নির্বাচন করব।” তিনি দাবি করেন, ছাত্রজীবন থেকে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং দীর্ঘ ১৯ বছর বিদেশে ছিলেন। দেশে ফিরে ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি আরও বলেন, পরবর্তী উপজেলা নির্বাচনে তৎকালীন এমপি-মন্ত্রী মহিবুর রহমান মহিবের চাপে তাঁকে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হয় এবং তখন আওয়ামী লীগের উপদেষ্টা করার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি।

জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসান জানান, জোটের সিদ্ধান্ত অনুযায়ী ডা. জহির উদ্দিন আহমেদই পটুয়াখালী-৪ আসনের প্রার্থী এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ মে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের প্যাডে প্রকাশিত এক চিঠিতে ডা. জহির উদ্দিন আহমেদকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।