মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রীমাতৃভাষা দিবসে গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, ভাষাবৈচিত্র্য সংরক্ষণে আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী বলেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।

একুশ থেকে স্বাধীনতা

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আব্দুল জব্বারসহ ভাষা শহীদদের আত্মদানের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার ও গণতান্ত্রিক চেতনার ভিত্তি সুদৃঢ় হয়।

একুশের রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা।

আন্তর্জাতিক স্বীকৃতি ও ভাষার মর্যাদা

প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার প্রতি আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

একুশের চেতনা আজ বিশ্বজুড়ে ভাষার মর্যাদা রক্ষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের আন্দোলনে রূপ নিয়েছে।

স্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার

তারেক রহমান বলেন, ভাষা শহীদ এবং স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী সব শহীদের আকাঙ্ক্ষা ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—দেশের ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করতে।

সব ভাষা শহীদের মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করেন।


তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী