মাতৃভাষা দিবসের আয়োজনে বক্তব্য দিয়ে বিতর্কে ইকবাল হাসান মাহমুদ টুকু
নিজস্ব প্রতিবেদক:
বাংলাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধরনের স্লোগান চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‘ইনকিলাব উচ্চারণে আমার ব্লিডিং হয়’
মন্ত্রী বলেন, ‘বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ কিংবা ইনকিলাব মঞ্চ—এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইনকিলাব শব্দ অন্য ভাষার, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এটি উচ্চারণ করলে আমার ব্লিডিং হয়।’
তিনি আরও বলেন, ‘আজ এটি আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে, এটি আমাদের শিক্ষাব্যবস্থার ব্যর্থতা। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সমাজ পরিবর্তনের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে সমাজ উল্টো পথে হাঁটছে।’
ভাষা ও জাতীয়তাবাদ প্রসঙ্গে মন্তব্য
ইকবাল হাসান টুকু বলেন, ‘এ ধরনের কথা বললে আমাকে ভারতের দালাল বলা হতে পারে, তারপরও আমি বলব। কারণ আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, জীবন বাজি রেখেছি।’
তিনি বলেন, ‘ব্রিটিশরা আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরেছিল শোষণের জন্য। ৫৪ সালের আন্দোলন ও পরবর্তী সংগ্রামই ৭১-এর মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তরুণ প্রজন্মকে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, না হলে চরমপন্থা বেড়ে যেতে পারে।’
জ্বালানিমন্ত্রী আরও বলেন, ‘নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা না করায় আমাদের জাতীয়তাবোধ যথাযথভাবে গড়ে ওঠেনি। নিজের ভাষা ও দেশ আমাদেরই গড়তে হবে।’
