কর্মসংস্থানের ব্যবস্থা করে চাঁদাবাজদের সম্মানজনক অবস্থানে আনার প্রতিশ্রুতিও দেন তিনি
নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি ক্ষমতায় এলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা নির্বাচনের আগেই মা-বোনের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি অভিযোগ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস করলেও ফ্যাসিবাদ ফিরে আসবে না, তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিরোধিতা করছে।
তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট জিতলে বাংলাদেশও জিতবে, আর ‘হ্যাঁ’ ভোট হেরে গেলে দেশও হেরে যাবে।
জামায়াতের নেতা বলেন, ক্ষমতায় এলে জনগণের স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না এবং দেশেই জনগণের রাজনীতি হবে, পরিবার বা দলের নয়।
কর্মসংস্থানের ব্যবস্থা করে চাঁদাবাজদের সম্মানজনক অবস্থানে আনার প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান।
তিনি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় আরও তিনটি জনসভা এবং দু’টি পথসভা করবেন।