স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকার আহ্বান জানালেন সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
ধর্মের উসিলায় ভোট চাওয়া দলের ফাঁদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ধর্মের অপব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘ধর্মের উসিলায় একটি দল ভোট চায়। কেউ কেউ তো জান্নাতের বাহানা দিচ্ছে। এতে আপনারা বিভ্রান্ত হবেন না।’
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার বমুবিলছড়িতে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
শহিদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ পথসভার আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে তারা ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি। যারা দেশে রয়ে গেছে, তাদের রাজনীতি করার অধিকার আছে। তবে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।’
পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেবসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।