নিরাপত্তা সংকট ও প্রশাসনের অবহেলার দায় দিয়ে পদত্যাগ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) তিনি ঢাবি শিক্ষার্থীদের গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-তে নিজের পদত্যাগের বিষয়টি জানান। এর আগে ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে বহিরাগতদের কান ধরে ওঠ-বস করানোর দুটি ভিডিও ভাইরাল হয়।
সর্বমিত্র বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হলেও দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। সেখানে নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও মানিব্যাগ চুরি সহ নানা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব ঘটনার ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীরা প্রশাসনকে বহুবার এসব সমস্যার কথা জানিয়েও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি এবং বহিরাগতদের প্রবেশ রোধে যথাযথ পদক্ষেপ নেয়া হয়নি। বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজের পাশে দেয়াল টপকে মাঠে প্রবেশ করছে, নিষেধ করলেও তারা উপেক্ষা করছে।
সর্বমিত্র বলেন, এই অবস্থা সামাল দিতে গিয়ে তিনি বহিরাগতদের কান ধরে ওঠ-বস করিয়েছিলেন যা তার প্রত্যাশিত আচরণ ছিল না। তিনি তার এই আচরণের জন্য ক্ষমা চেয়ে বলেন, এমন পদ্ধতিতে কাউকে শাস্তি দেওয়া উচিত ছিল না।
অবশেষে সর্বমিত্র নিজের পদত্যাগের সিদ্ধান্ত যৌক্তিকতা তুলে ধরে বলেন, প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায় মাথায় নিয়ে তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি আশা করেন, ভবিষ্যতে এই নিরাপত্তা সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশ পাবে।