বস্তিবাসীদের দাবির কথা তুলে ধরলেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না; তারা নিরাপদ জীবন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান চায়। ফ্ল্যাট দেওয়ার নামে বস্তি উচ্ছেদের যে পরিকল্পনা করা হচ্ছে, তা জনগণ বুঝে গেছে। কার্ড দিয়ে সুবিধা দেওয়ার উদ্যোগে তিনি সমর্থন জানালেও কার্ড বিতরণে ঘুষ ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর–১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও আমির ডা. শফিকুর রহমানের জনসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা জনগণের স্বার্থে। তারা সংসদে গেলে আবারও ঋণ নেবে, লুটপাট ও অর্থপাচার করবে। লুটেরাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, নতুন কোনো লুটেরাকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন শুধু সরকার বদলের নয়, দেশ ও কাঠামো বদলের নির্বাচন। এর সঙ্গে গণভোট যুক্ত রয়েছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ইনশাআল্লাহ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবারতন্ত্র, দুর্নীতি, বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে রায় দেবে জনগণ। “ইনকিলাব জিন্দাবাদ।”