প্রতীকী ছবি | সংগৃহিতপ্রতীকী ছবি | সংগৃহিত

১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, ৩,৮৮৫ কেন্দ্রে একযোগে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
শিক্ষা বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে—৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন, রাজশাহীতে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, ময়মনসিংহে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন এবং বরিশালে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন এবং ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন, যার মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন ও ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
এবারের পরীক্ষা আয়োজনের জন্য সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে। কেন্দ্রের দিক থেকে ঢাকা বোর্ডে সংখ্যা সবচেয়ে বেশি—৫১০টি, আর সবচেয়ে কম ময়মনসিংহ বোর্ডে—১৮৮টি। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৭৪২টি এবং কারিগরি বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।