শিক্ষার্থী, গৃহিণী, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষদের একই মঞ্চে ডেকে এলাকার সমস্যা শুনলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশ পুনর্গঠনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে ঢাকা-১৭ আসনে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অতীতে যতবার ধানের শীষ নির্বাচিত হয়েছে, ততবারই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।
সমাবেশে তারেক রহমান ভাষানটেকের বাসিন্দা, শিক্ষার্থী ও শ্রমজীবীদের কাছ থেকে সরাসরি এলাকার সমস্যা শোনেন। তারা বস্তিবাসীদের পুনর্বাসন, নারীদের কর্মসংস্থান ও ফ্যামিলি কার্ডের দাবি জানান। জবাবে তিনি বলেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে এসব সমস্যার সমাধান করা হবে।
তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছরে দেশের বিভিন্ন খাত ধ্বংস হয়েছে। এগুলো পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। জনপ্রতিনিধি নির্বাচিত হলে তবেই জনগণ তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবে।
সমাবেশে খেলাধুলা, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে।