উচ্ছ্বাসের মধ্যেই সিলেটে পৌঁছানোর প্রস্তুতি,সিলেট থেকেই শুরু নির্বাচনী যাত্রা
নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি,দলীয় কর্মসূচির সূচনা
রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
- নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার সূচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাতেই সিলেট পৌঁছাবেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিমানযোগে সিলেটে পৌঁছানোর পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তিনি একাধিক কর্মসূচির মাধ্যমে নির্বাচনি প্রচারণায় নামবেন।
তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সিলেটে পৌঁছে প্রথমে তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। পরদিন সকালেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর বিমানবন্দর এলাকার একটি হোটেলে যুব সমাবেশে ভাষণ দেবেন। দিনের পরবর্তীতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় করানো হবে। প্রায় ২২ বছর পর সাংগঠনিক সফরে সিলেট আসা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নগরজুড়ে প্রচারণা ও মাইকিংয়ের মাধ্যমে জনসভায় সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, সিলেট ও সুনামগঞ্জে ধারাবাহিক মিছিল ও সভা-সমাবেশের মাধ্যমে জনসভার প্রস্তুতি জোরদার করা হয়েছে। সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা স্মরণীয় ও সফল হবে।”
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “সিলেট থেকেই বিএনপি চেয়ারম্যানের নতুন রাজনৈতিক অভিযাত্রা শুরু হবে।”