দেশে ফেরার পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় বিএনপি চেয়ারম্যান; আলতাফুন্নেছা মাঠের জনসভা ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৯ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (২৮ জানুয়ারি) পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন। দেশে ফেরার পর এটিই বগুড়ায় তাঁর প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। এ সফরকে ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনি জনসভাসহ সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার তিনি রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। দিন শেষে সড়ক পথে বগুড়ায় এসে রাত্রিযাপন করবেন। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যায় বগুড়ায় পৌঁছে জনসভায় অংশ নেবেন। তাঁর এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক কালাম আজাদ জানান, বগুড়ায় অবস্থানকালে তারেক রহমান বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকালে শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর গাবতলীর বাগবাড়িতে পিতৃভূমিতে যাবেন এবং ৩০ জানুয়ারি রংপুরের উদ্দেশে রওনা হবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ঘরের ছেলেকে স্বাগত জানাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, তারেক রহমানের সফর ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের এই সফর বগুড়ার বিএনপি নেতাকর্মীদের নতুনভাবে উজ্জীবিত করেছে বলে দলীয় নেতারা মনে করছেন।