নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ চালানোর প্রতিশ্রুতি দিচ্ছেন তারেক রহমান

দেশ পরিচালনায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে নবীজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এ কথা বলেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, “বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।”

তিনি আরও সতর্ক করেন, “ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।”

তারেক রহমান বলেন, “উন্নয়নের নাম করে আমরা দেখেছি কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে পাচার করেছে। আমরা এ অবস্থা পরিবর্তন করতে চাই। এজন্য আপনাদের ধানের শীষের পাশে থাকতে হবে। আমরা কৃষকের পাশে থাকতে চাই। তাই আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।”

বিএনপি চেয়ারম্যান আরো বলেন, “গত ১৫/১৬ বছর আমরা দেখেছি কিভাবে অন্য দেশের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে। এজন্য আমি আগে বলেছি—দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। স্বৈরাচার সরকার যখন মানুষের ঘাড়ে চড়ে বসেছিল, সেটা ছিল ‘টেক ব্যাক বাংলাদেশ’। আমরা ‘টেক ব্যাক বাংলাদেশের’ অর্ধেক পথে এসেছি। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ করেছি এবং গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।”

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর আমরা জিয়াউর রহমানের মতো খাল খনন করতে চাই।” এ সময় তিনি উপস্থিত সবাইকে নিয়ে স্লোগান দেন, “করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।