প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আইনের শাসন নিশ্চিত করার কথা বলছেন তারেক রহমান

শান্তিপূর্ণ অবাধ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক


জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনোত্তর পরিস্থিতিতে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং সহিংসতা বা প্রতিশোধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। “আইনের শাসন প্রতিষ্ঠা না হলে গণতন্ত্র টেকসই হবে না। সরকারি দল বা বিরোধী দল—সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে,” বলেন তিনি।

তিনি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে কোথাও উত্তেজনা সৃষ্টি হয়ে থাকলে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। দুর্বলের ওপর সবলের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

বিজয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, “এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের।” তিনি জানান, জনগণের রায় পেলে যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ৩১ দফা ঘোষণা করা হয়েছিল, তা বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র নীতির প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থনীতি পুনর্গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করাকে আগামী দিনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।


তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব