ক্ষমতায় গেলে কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দিচ্ছেন তারেক রহমান

রাজশাহীর নির্বাচনি জনসভায় কৃষিঋণ মওকুফ, বরেন্দ্র প্রকল্প পুনরুজ্জীবন ও পদ্মা ব্যারেজের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য তেমন কোনো কাজ হয়নি। উন্নয়নের নামে হয়েছে মেগা দুর্নীতি। তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও সম্প্রসারিত হয়েছিল, অথচ বর্তমানে এই প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন করা হবে এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে।

পদ্মা পাড়ের মানুষের উদ্দেশে তিনি পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে রাজশাহীর বিখ্যাত আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির কথাও জানান বিএনপির চেয়ারম্যান।

তিনি বলেন, এসব উন্নয়ন বাস্তবায়নের জন্য উত্তরাঞ্চলের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

গণতন্ত্র প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশ গণতন্ত্রের পথে থাকবে নাকি অন্য পথে যাবে, সে সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে না পারলে কোনো মেগা প্রকল্পই জনগণের কল্যাণে আসবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের পতাকা ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং সংঘাত চায় না। কাউকে অকারণে সমালোচনা করে লাভ নেই। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।