বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশ একদিন পেছালো
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশ এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি করা হয়েছে। পূর্ব নির্ধারিত ছিল ২৮ জানুয়ারি, তবে ওইদিন বিমানের টিকিট না পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে তারেক রহমান বক্তব্য রাখবেন।
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়্যারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় সমাবেশের প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান জানান, তারেক রহমান নিজে টেলিফোনে তারিখ পরিবর্তনের বিষয়টি অবহিত করেছেন।
সমাবেশ সফল করার জন্য দলের স্থানীয় নেতারা ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছেন।