সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উদ্দীপনা
  • প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় সিরাজগঞ্জ-টাঙ্গাইলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক


আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এ জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনসভা সফল করতে বিশাল মঞ্চসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু জনসভাস্থল পরিদর্শন করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম হবে বলে তারা আশাবাদী।

সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। বিকাল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম রাজনৈতিক জনসভা।

প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরাও। জেলা বিএনপি জানায়, জনসভাকে সফল করতে বড় মঞ্চ, শতাধিক মাইকসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু প্রস্তুতি কার্যক্রম তদারকি করছেন ।


আরও পড়ুন:-

বগুড়ায় জনসভায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান১২ ফেব্রুয়ারির নির্বাচন জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে: বগুড়ায় তারেক রহমান