ধানের শীষের জোয়ার দেখে ষড়যন্ত্র হচ্ছে বলে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান
  • নীলফামারীর জনসভায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিএনপি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক



বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে একটি মহল নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তার উপযুক্ত দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, এটি জাতি পুনর্গঠনের নির্বাচন। জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। তিনি জানান, উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বিএনপির। নীলফামারীকে কৃষি অঞ্চল হাব হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণ এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। ১৬ বছরের স্বৈরাচার জনগণের স্বার্থ উপেক্ষা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

নারীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। তিনি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও এনজিও ঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধের প্রতিশ্রুতি দেন।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব এস এম সাইফুল্লাহ রুবেল।


লুটের টাকা ফেরত না দিলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন ডা. শফিকুর রহমানলুটের টাকা ফেরত না দিলে রাষ্ট্র পেটের ভেতর থেকেও উদ্ধার করবে: ডা. শফিকুর রহমান