তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তারেক রহমান

ভোটের দিনে ধর্মীয় ও নৈতিক বার্তা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, “তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন সবাই। কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন। নামাজ শেষে ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবেন”

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৫ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গুম-খুন ও মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ ভোটাধিকার ফেরানোর দাবিতে রাজপথে নেমেছিল। তিনি অভিযোগ করেন, এখনও একটি চক্র ষড়যন্ত্র করছে—আইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করছে।

তিনি উন্নয়ন প্রসঙ্গে বলেন, দেশের সড়ক, হাসপাতাল ও কর্মসংস্থানের অবস্থা খারাপ। বিএনপি ক্ষমতায় এলে গরিব নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষিকার্ড, যুবকদের প্রশিক্ষণ ও ইমামদের সম্মানী দেওয়া হবে।

সমাবেশ শেষে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোটের মাধ্যমে তাদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এদিকে ভৈরবের সমাবেশে যাওয়ার পথে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।