আজ ভয়াল ২৫ মার্চআজ ভয়াল ২৫ মার্চ

১৯৭১-এর এই রাতে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে চালানো হয় ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ; প্রতিরোধের শপথে শুরু হয় মুক্তিযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

আজ ২৫ মার্চ, বাংলাদেশের ইতিহাসে ভয়াল কালরাত্রি ও গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র জনগণের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি ও অগ্নিসংযোগে বহু শিক্ষক, শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ নিহত হন।

এই সুপরিকল্পিত গণহত্যার লক্ষ্য ছিল এদেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করা। তবে ওই একই রাতেই চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে তোলে। ‘উই রিভোল্ট’ ঘোষণা দিয়ে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিক সশস্ত্র প্রতিরোধ শুরু হয়, যা পরিণত হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে।

একই রাতে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু দেশবাসী থেমে থাকেনি, বীরদর্পে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার লড়াইয়ে। যার চূড়ান্ত পরিণতি আসে ১৬ ডিসেম্বর মহান বিজয়ের মাধ্যমে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন থাকলেও পূর্বঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। তবুও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র ও প্রদর্শনীর মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরা হচ্ছে।


দুইমিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিকবার ‘স্যার’ সম্বোধন
সৎ মায়ের নির্যাতন, মায়ের কবরের পাশে শিশুর বুকফাটা কান্না
দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নাসিরনগর, প্রাণহানি ২, আহত অন্তত ৩০