চা খাওয়ার দাওয়াতকে হুমকি বানানো হচ্ছে বলে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস

নির্বাচনী মাঠে কুৎসা রটনার অভিযোগ, জনগণের রায়ে জবাব দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, একটি চা খাওয়ার দাওয়াতকেও তার বিরুদ্ধে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, “আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি আমার দোষ। কোথায় কী হয়ে যায়, সব দোষই মির্জা আব্বাসের ঘাড়ে চাপানো হচ্ছে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, তিনি কারও ফাঁদে পা দেবেন না। “আমার ভোট আমি চাইব, অন্যরাও চাইবে। কিন্তু এলাকার জন্য কে কী করেছে, সেটাই জনগণের সামনে তুলে ধরতে হবে,” বলেন তিনি।

নির্বাচনের সময় কিছু ‘অতিথি পাখি’ দেখা যায় উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, “৯১ সাল থেকে আমি প্রতিটি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি। কেউ বলতে পারবে না আমাকে আন্দোলন-সংগ্রামের সময় পাওয়া যায়নি। পুলিশি হামলা হলে এই এলাকার মানুষই আমাকে আশ্রয় দিয়েছে।”


নিজের অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বহুবার সংসদ সদস্য থাকা অবস্থায় কেউ তার কাছে এসে খালি হাতে ফিরে যাননি। তবে তিনি কখনোই মিথ্যা আশ্বাস দেননি বলেও দাবি করেন। “আমি ফেরেশতা নই, কিন্তু কাউকে ক্ষতি করার জন্য মিথ্যা বলি না,” বলেন তিনি।

প্রতিপক্ষের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কিছু লোক চাঁদাবাজি বন্ধের কথা বলে ‘লাল কার্ড’ দেখানোর হুমকি দিচ্ছে। “চাঁদাবাজি যারা করছে, তাদেরই আগে ধরতে হবে। ১২ তারিখে জনগণই প্রকৃত লাল কার্ড দেখাবে,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে। “বিএনপি কোনো বানের জলে ভেসে আসেনি। সবকিছুর দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চলছে,” বলেন মির্জা আব্বাস।