Untitled 1

অনলাইন ডেস্ক

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন জোট, প্ল্যাটফর্ম বা উদ্যোগের আবির্ভাব নতুন কিছু নয়। বিশেষ করে জাতীয় নির্বাচন সামনে এলে এমন উদ্যোগ আরও দৃশ্যমান হয়ে ওঠে। কখনও ভোট বা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, আবার কখনও মতাদর্শিক অবস্থান থেকে এসব প্ল্যাটফর্ম গড়ে ওঠে। সরাসরি নির্বাচনে অংশ না নিয়েও কেউ কেউ নির্দিষ্ট রাজনৈতিক ধারার পক্ষে কাজ করে থাকে।

এই বাস্তবতায় চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। সংশ্লিষ্টদের মতে, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা—এই পাঁচটি মূলনীতিকে সামনে রেখে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি।

মূলত জুলাই আন্দোলনে সক্রিয় থাকা বাম ও মধ্যপন্থি তরুণদের উদ্যোগে গঠিত এই প্ল্যাটফর্মে রয়েছেন তিনজন মুখপাত্র এবং ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতাদের পাশাপাশি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এতে যুক্ত হয়েছেন। তারা জানিয়েছেন, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না করলেও নিজেদের আদর্শিক অবস্থান থেকে রাজনৈতিক ভূমিকা রাখবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা জানান, চলমান রাজনীতিতে একটি নৈতিক ও গণতান্ত্রিক চাপ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ।

Untitled 1