- ঝালকাঠির জনসভায় ভোটাধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠিতে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে কঠোর প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা করলে হাত মুচড়িয়ে দিতে হবে
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শহিদ শরীফ ওসমান বিন হাদি ঝালকাঠির গর্ব এবং জাতির সাহসী সন্তান। তিনি একটি আধিপত্যবাদমুক্ত ও বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। জামায়াত সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে অঙ্গীকার করেন তিনি।
তিনি অভিযোগ করেন, দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলছে। গরিব ও নির্যাতিত মানুষ আদালতে ন্যায়বিচার পায় না। এই ‘বেইনসাফের রাজনীতি’ বন্ধ করতে জামায়াত কাজ করবে বলে জানান তিনি।
দুর্নীতির বিষয়ে জামায়াত আমির বলেন, বিগত সময়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। সরকার গঠন করতে পারলে এই অর্থ উদ্ধারে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন সাহস ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরি করা হবে।
নারী নিরাপত্তা ও যুবসমাজের ভূমিকা নিয়েও বক্তব্য দেন তিনি। বলেন, নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জামায়াতের রাষ্ট্রদর্শনের অংশ এবং দেশের পরিবর্তনে যুবসমাজই সবচেয়ে বড় শক্তি।
সভা শেষে তিনি ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
আরও দেখুন:-
ওসমান হাদি হত্যাকান্ডে জাতিসংঘের অধীনে তদন্তের সিদ্ধান্ত সরকারের
ওসমান হাদি হত্যাকান্ডে জাতিসংঘের অধীনে তদন্তের সিদ্ধান্ত সরকারের