- সিলেটের জনসভায় লুটের টাকা উদ্ধারে কঠোর অবস্থানের ঘোষণা জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না। দুনিয়ার যেখানে থাকুক না কেন- জনগণের এ হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেন, তারা অবশ্যই অভিনন্দিত হবেন। আর যদি ফেরত না দেন, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের পেটের ভেতর থেকে নিয়ে আসবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং যে এলাকা যত বেশি বঞ্চিত, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ শুরু করা হবে। তিনি বলেন, জনগণের হক আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, মা-বোনদের সম্মানের পক্ষে কথা বলায় একটি মহল তার বিরুদ্ধে চরিত্রহননে লিপ্ত হয়েছে। তবে আধুনিক বিশ্বে মিসাইল ছুড়লে পাল্টা প্রতিক্রিয়াও আসে— এ কথা তারা ভুলে গেছে।
প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পেলে ৫৪ হাজার বর্গমাইলের এক ইঞ্চিতেও তিনি বেইনসাফি করবেন না। প্রতিটি ইঞ্চি জমি তার প্রাপ্য বুঝে নেবে।
সিলেটের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, সিলেটবাসীর ন্যায্য পাওনা সসম্মানে বুঝিয়ে দেওয়া হবে। ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে এবং বন্ধ থাকা আন্তর্জাতিক রুটগুলো পুনরায় চালু করা হবে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইট চালুর কথাও জানান তিনি।
দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার, মর্যাদা ও ইন্তেকালের পর রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব : তারেক রহমান
জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব : তারেক রহমান