কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষোভ, সন্ধ্যার মধ্যে নির্দেশনা বদলের আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নির্দেশনা পরিবর্তন না করা হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই। কোন উদ্দেশ্যে এবং কার পরিকল্পনায় নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে।
তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যেই এই বিধি-বিধান বাতিল করতে হবে। অন্যথায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। নির্বাচনের মুখে এসে ভোট কারচুপির সুযোগ তৈরি, গণমাধ্যমকে ব্ল্যাকআউট করা এবং জনগণের তথ্য জানার অধিকার খর্ব করার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না।
নির্বাচন কমিশনকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিতর্কিত ভূমিকা নেওয়া হয়, তাহলে এর পরিণতি অতীতের ফ্যাসিবাদী সময়ের নির্বাচন কমিশনের চেয়েও ভয়াবহ হবে।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ রাজপথেই তার জবাব দেবে।
পটুয়াখালী–২ আসনে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ, আহত অর্ধশতাধিক
আওয়ামী লীগ বাদে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: সিপিডি
পটুয়াখালী–২ আসনে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ, আহত অর্ধশতাধিক
আওয়ামী লীগ বাদে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: সিপিডি