চকরিয়ায় নির্বাচনি সমাবেশে স্বাধীনতাবিরোধীদের সমালোচনায় সরব সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল একদিকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, অন্যদিকে আবার মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাচ্ছে, এটি জাতির জন্য চরম দুর্ভাগ্যের। যারা কখনো এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতি করেছে, তারাই আজ ইতিহাসের বয়ান দিচ্ছে।
সোমবার বিকেলে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনি শেষ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, একাত্তরে যারা দেশের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারাই আজ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছে। স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে—এটাই আমাদের জাতির দুর্ভাগ্য বলে মন্তব্য করেন তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহযোগিতা করতে হবে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঐতিহাসিক ও প্রতীক্ষিত উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশের জনগণের ভাগ্য নির্ধারিত হবে।
বিএনপিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের দল উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা-পরবর্তী সময়ে গণতন্ত্র ও উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্রের সংস্কৃতি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের তিনি স্বাগত জানান, তবে তাদের অতীত ইতিহাসে স্বাধীনতা ও উন্নয়নে কোনো বাস্তব অবদান নেই—এ কথা জনগণ জানে।
নির্বাচনে জয়ী হলে চকরিয়া ও পেকুয়াকে উন্নয়নে ভরপুর করে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য।
নির্বাচিত হলে প্রথম দিন ফজর নামাজ পড়েই সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবো : জামায়াত আমীর
শহীদদের স্বপ্ন পূরণ করাই আমাদের পবিত্র দায়িত্ব: তারেক রহমান
নির্বাচিত হলে প্রথম দিন ফজর নামাজ পড়েই সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবো : জামায়াত আমীর
শহীদদের স্বপ্ন পূরণ করাই আমাদের পবিত্র দায়িত্ব: তারেক রহমান