Ncp partyএনসিপি নেতাদের বৈঠক

নির্বাচনে হেরে যাওয়াদের বিএনপির ‘প্রাইজ পোস্টিং’ দাবি; দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ছয় সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক পদে নিয়োগ দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগ দেওয়া গণতন্ত্রের জন্য হুমকি এবং এটি নির্বাচনে হেরে যাওয়াদের বিএনপির ‘প্রাইজ পোস্টিং’।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা, সেখানে দলীয় ও পরাজিত প্রার্থীদের প্রশাসক করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রজ্ঞাপনে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ না থাকায় বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন আসিফ মাহমুদ।


তিনি আরও বলেন, দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিশূন্য থাকায় নাগরিক সেবায় ভোগান্তি বাড়ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। নির্দিষ্ট সময়সীমা ছাড়া প্রশাসক নিয়োগ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করবে এবং নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা কমাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।


সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, দলটি ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। খুব শিগগিরই সাংগঠনিক অঞ্চলে প্রার্থী যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শুরু হবে এবং কয়েক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে।


তিনি বলেন, এনসিপি বর্তমানে ১১–দলীয় নির্বাচনী জোটে থাকলেও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে নিচ্ছে। তবে শেষ সময়ে জনগণ ও দেশের স্বার্থে জোটগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সংবাদ সম্মেলনে নোয়াখালী–৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।


পিলখানা হত্যাযজ্ঞের নেপথ্যে স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী চক্র : প্রধানমন্ত্রী