গুলশান কার্যালয়ে টানা সাক্ষাৎকার কার্যক্রম, উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে এই সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। মনোনয়ন বোর্ডের এ কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা এই কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জেলার মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকার দেন। রাত গভীর পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকে বলে জানানো হয়েছে।
রাত ২টা ৫৫ মিনিটে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, তখনও সাক্ষাৎকার কার্যক্রম চলমান ছিল।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) প্রথমদিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
দলীয় সূত্র অনুযায়ী, মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০টি জমা পড়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
এদিকে গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল হবে যাচাই-বাছাই, ২৬ এপ্রিল আপিল দাখিল করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল তা নিষ্পত্তি হবে। ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।
