pic

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের শীর্ষ নেতা ও কর্মীরা।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করেন তারা। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

উল্লেখ্য, জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি (সোমবার)। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন।

জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান পিতার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান।

শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন।