নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২৩ বছর পর নোয়াখালী সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি তিনি নোয়াখালী যাবেন। একাধিক দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০০৩ সালে সর্বশেষ নোয়াখালী সফর করেছিলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান জানান, ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের কর্মসূচি রয়েছে। এর অংশ হিসেবেই একদিন নোয়াখালীতে অবস্থান করবেন তিনি। সম্ভাব্য ভেন্যু হিসেবে নোয়াখালী ভুলু স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে, যা ইতোমধ্যে তার নিরাপত্তা বাহিনী পরিদর্শন করেছে।
তারেক রহমানের আগমন ঘিরে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান জেলা নেতারা। বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগে তারেক রহমান সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবেন। এরপর তিনি কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন।
জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ বলেন, চেয়ারম্যানের আগমন নোয়াখালীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। জনসভা সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।