অনুমোদনহীন
নিজস্ব প্রতিবেদক
অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামানকে শোকজ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
সোমবার (১৯ জানুয়ারি) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ডা. খালিদুজ্জামান তাঁর প্রচারপত্রে বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়—এমন MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন, যা আইন পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে বিএমডিসি আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও নিবন্ধন নম্বর জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে ডা. খালিদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এখনো নোটিশ হাতে পাননি এবং রাজনৈতিকভাবে হেনস্তা করতেই এই অভিযোগ আনা হয়েছে।