কড়াইলে দোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

কড়াইলে দোয়া অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্য:

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দোয়া অনুষ্ঠানে বলেছেন, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেন।

আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একসময় ক্যান্টনমেন্ট এলাকায় বসবাসকালে বাড়ি ভাঙার অভিজ্ঞতা আজও তার মনে রয়েছে। এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি অনুভব করতে পারেন এবং কড়াইলবাসীর পাশে দাঁড়াতে চান।

কড়াইলবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান, তবে সবচেয়ে বড় পরিচয়- আমি আপনাদেরই সন্তান।” তিনি দেশবাসীর কল্যাণে সবাইকে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান।

বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমানের উপস্থিত হওয়ার আগে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।

তারেক রহমান-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কড়াইল বস্তি, মহাখালীও এই আসনের অন্তর্ভূক্ত।

বিএনপি চেয়ারম্যান জানান, বিএনপি ক্ষমতায় এলে মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে, একই পরিকল্পনা রয়েছে কৃষকদের জন্যও। বস্তিবাসীদের সন্তানদের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ, বিদেশি ভাষা শিক্ষা এবং উন্নত চিকিৎসাসেবার প্রতিশ্রুতি দেন তিনি।

এ ছাড়া ছোট ফ্ল্যাট নির্মাণ এবং এলাকায় একটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কড়াইলবাসীর কাছে দোয়া চান তারেক রহমান।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।