দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার
স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব
বক্তব্যে জামায়াত আমীরের মূল বার্তা
রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি
নেতাকর্মীদের প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়তে স্বচ্ছতার নিশ্চয়তা দিতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত পলিসি সামিট–২০২৬-এ তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, বিশ্ববাসী জানে ২০২৪ সালে দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে, যারা বিরোধী পক্ষের স্বাধীনতা দমন করেছিল। তিনি দাবি করেন, গত বছরের ২৪ আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জিত হয়েছে। এ সময়ে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন।
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তারা দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করেছে। এটি একটি নতুন বাংলাদেশ, যা বিশ্বমঞ্চে নতুন যাত্রা শুরু করেছে। অর্থনীতিতেও দেশের বড় সম্ভাবনা রয়েছে। বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে অংশীদার হিসেবে কাজ করা হবে। এ ক্ষেত্রে তার দলও সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে এবং উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নেও গুরুত্ব দেবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সব রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে। সুযোগ পেলে বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি। নারীরা দেশের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উল্লেখ করে তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং এ বিষয়ে তার দল আন্তরিকভাবে কাজ করবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের সম্ভাবনাময় তরুণরা ইতোমধ্যে অগ্রগতিতে ভূমিকা রাখছে। তাদের জন্যও তার দল কাজ করবে। বিদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, শিল্পকারখানা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে সব ধরনের উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সব জাতি ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।