চট্টগ্রামে র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড। বিএনপিকে দায়ী করে এনসিপির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
বুধবার (২১ জানুয়ারি) দলটির দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তারে অভিযান চালায় র্যাব।
স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে দলটির সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। পরে ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াসহ চারজন র্যাব সদস্যকে জিম্মি করে নির্মমভাবে মারধর ও গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মোতালেব হোসেন ভূঁইয়া শহিদ হন, তিনজন গুরুতর আহত হন।
এনসিপি এক বিবৃতিতে জানায়, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ মোতালেব হোসেন ভূঁইয়া নিজের জীবন উৎসর্গ করেছেন। দেশ ও জনগণের জন্য তার এই আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত দলীয় কোন্দল, চাঁদাবাজি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে বিএনপির অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে কয়েকশ নিজ দলীয় কর্মী, সাধারণ মানুষ ও ব্যবসায়ী নিহত হয়েছেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
এনসিপির মতে, সরকার যদি অবিলম্বে জিরো টলারেন্স নীতিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অসম্ভব হয়ে পড়বে।
এ ঘটনায় গণমাধ্যমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছে দলটি। এনসিপির অভিযোগ, সীতাকুণ্ডে বিএনপি কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই নৃশংস হামলার ঘটনায় দেশের অধিকাংশ গণমাধ্যম সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় এড়িয়ে গেছে, যা সাংবাদিকতার নিরপেক্ষতার পরিপন্থি। এ প্রসঙ্গে দলটি গণমাধ্যমকে সাহসী, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
এনসিপি মনে করে, গণতন্ত্র সমুন্নত রাখা এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে বিএনপির উচিত দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। অন্যথায়, এসব সহিংসতা ও নৈরাজ্যের দায় থেকে দলটি নিজেকে মুক্ত করতে পারবে না এবং জনগণ আগামী নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।