ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জামায়াতের শীর্ষ নেতারা

হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় ও দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান।

মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বক্তব্য দেন। সংবর্ধনায় বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, গণমাধ্যমকর্মী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশের যৌথ ত্যাগের কথা স্মরণ করেন এবং দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক সংযোগ, ডিজিটাল সহযোগিতা ও জ্বালানি খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।